মোঃইকরামুল হাসান হৃদয়
বিশেষ প্রতিনিধি মাগুরাঃ
মাগুরার মহম্মদপুরে চাঁদাবাজি, অপপ্রচার, অনিয়ম এবং প্রশাসনিক কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগের প্রতিবাদে বিএনপির একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বালিদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ রিপন আহম্মেদ অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে প্রশাসনিক কাজে জটিলতা তৈরি হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজি, অনিয়ম ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা জরুরি।
এ সময় তারা সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে বক্তব্য রাখেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।