মোঃইকরামুল হাসান হৃদয়
বিশেষ প্রতিনিধি মাগুরাঃ
গুরার মহম্মদপুরে প্রশাসনিক কার্যক্রমে অনভিপ্রেত হস্তক্ষেপ, অপপ্রচার, সরকারি বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে মহম্মদপুরের প্রধান সড়কে জড়ো হন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সড়কগুলো। পরে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তারা প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা দাবি করেন, বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সহযোগিতায় মহম্মদপুরে ব্যাপক উন্নয়ন ও সরকারি বরাদ্দ এসেছে। সরকারি খাদ্য সহায়তা ও বিভিন্ন সুযোগ-সুবিধা স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৯০০ জন পরীক্ষার্থীর মধ্য থেকে মেধা, দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে ৮৩ জনকে নির্বাচন করা হয়েছে। এ নিয়োগে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি বলেও দাবি করেন তিনি।
বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অনৈতিক সুবিধা হাসিল করতে না পেরে প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মহম্মদপুরের শান্তি ও উন্নয়নের পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে আরও বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামানসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ, অপপ্রচার ও অনিয়মের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন নেতাকর্মীরা।