মোঃ নুরুদ্দিন
ভোলা প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তার হাত ফাউন্ডেশন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
সবুজে সাজুক চারপাশ, নির্মল হোক পরিবেশ—এমন প্রত্যয় নিয়ে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সহায়তার হাত ফাউন্ডেশন।
আজ সকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে অবস্থিত ১১৭ নম্বর চর পোটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর পোটকা মোহাম্মদীয়া নূরানি ও হাফেজী মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা নিজেরাই গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মাটি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেন আয়োজকরা।
এ সময় সহায়তার হাত ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষায় এমন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
পরিবেশ রক্ষায় ব্যক্তি ও সামাজিক উদ্যোগের মাধ্যমে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের পরিচর্যার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।