বিশেষ প্রতিনিধি মাগুরাঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও কাদার স্তর। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ যানবাহনের চালকরা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার জোঁকা সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ থেকে বালিদীয়া মাধ্যমিক বিদ্যালয় এবং বালিদীয়া কাউয়ালীপাড়া ব্রিজ থেকে চর-বড়রীয়া মেলা ব্রিজ পর্যন্ত সড়কটি স্থানীয় যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২ থেকে ৪ হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে। এর মধ্যে রয়েছে ঢাকাগামী বিভিন্ন পরিবহন ও পণ্যবাহী যান।
সড়কের আশপাশে রয়েছে কলেজ, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ঐতিহ্যবাহী বাজার। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ সড়ক ব্যবহার করেন। বিশেষ করে বর্ষাকালে সড়কের দুরবস্থা আরও প্রকট আকার ধারণ করে।
এরই ধারাবাহিকতায় গতরাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে নহাটা থেকে মহম্মদপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় জোঁকা সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের সামনে কাদায় আটকে পড়ে দুটি পণ্যবোঝাই ট্রাক। এতে চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয় এবং কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
ট্রাক আটকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বালিদীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সফল সদস্য মো. রিপন আহম্মেদ। পরে স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে তিনি আটকে পড়া ট্রাক দুটি উদ্ধারে সহযোগিতা করেন।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করলেও সড়কটির সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ায় দিন দিন দুর্ভোগ বাড়ছে।
এলাকাবাসীর দাবি, শুধু সাময়িকভাবে গর্ত ভরাট নয়, দ্রুত পরিকল্পিতভাবে সড়কটির স্থায়ী সংস্কার করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটি সংস্কার করলে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও আরও সহজ হবে।