হৃদয় হাসান বাঘারপাড়া (যশোর)
যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিমের বিরুদ্ধে জন্ম নিবন্ধনের ভুল সংশোধনের নামে এক প্রবাসীর পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাসুয়াড়ি ইউনিয়নের ঘোষনগর গ্রামের প্রবাসী আবু রায়হান বর্তমানে মালয়েশিয়ায় কর্মরত। তার সাত বছর বয়সী কন্যা রায়সা স্থানীয় বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে অধ্যয়নরত। পিতার জন্ম নিবন্ধনের তথ্যগত জটিলতার কারণে শিশুটির ভর্তি-সংক্রান্ত কার্যক্রমে সমস্যা দেখা দেয়।
এ অবস্থায় গত রোববার আবু রায়হানের মা রোজিনা খাতুন জন্ম নিবন্ধনের সংশোধনের বিষয়ে সহযোগিতা চাইতে বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিমের কাছে যান। অভিযোগ অনুযায়ী, তিনি কাজটি করে দেওয়ার জন্য প্রথমে ৫০ হাজার টাকা দাবি করেন।
পরদিন মালয়েশিয়া থেকে আবু রায়হান ফোনে আব্দুল আলিমের সঙ্গে কথা বলে দরকষাকষি করলে একপর্যায়ে ২০ হাজার টাকায় কাজটি করে দেওয়ার বিষয়ে সম্মতি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, পুরো কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করা হয়েছে। পরে রোজিনা খাতুন বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ আকারে দাখিল করেন।
স্থানীয়দের অভিযোগ, আব্দুল আলিম এর আগেও বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত অবস্থায় জন্ম নিবন্ধন সংশোধন ও বিভিন্ন সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে সমালোচিত হয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অতীতে তাকে একাধিকবার বিভিন্ন ইউনিয়নে বদলি করা হয়েছে বলেও স্থানীয় সূত্র দাবি করেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিম কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু জানান, এ ঘটনায় তিনি কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন।
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর আব্দুল আলিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”