মোঃ ইকরামুল হাসাম হৃদয়
বিশেষ প্রতিনিধি মাগুরা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজার থেকে নহাটা পর্যন্ত প্রায় আড়াই (২.৫) কিলোমিটার প্রধান সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয়দের অভিযোগ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এই পথ দিয়েই চলাচল করে ঢাকা-গামীসহ বিভিন্ন দূরপাল্লার ও স্থানীয় যানবাহন। প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু সড়কের নাজুক অবস্থার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
সড়কের পাশেই অবস্থিত সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি দাখিল মাদ্রাসা। এছাড়াও আশপাশে রয়েছে আরও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুরুত্বপূর্ণ বাজারসহ একাধিক গ্রাম। ফলে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সড়ক।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সংস্কার কাজ শুরু হয়নি। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এলাকাবাসীর দাবি, জনস্বার্থে ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বালিদিয়া বাজার থেকে নহাটা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হোক।