ইকরামুল হাসান হৃদয়
বিশেষ প্রতিনিধি মাগুরাঃ
অপরাধ দমন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মাগুরা জেলা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) মহম্মদপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার কলমধরী গ্রামের মোঃ ফিরোজ মোল্যা (৩২) এবং জাঙ্গালিয়া গ্রামের মোঃ আইয়ুব মুসল্লী (৩০)। অভিযানকালে তাদের কাছ থেকে ১টি টাচ মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এম. শামীম আহমেদ-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সম্প্রতি প্রণীত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ কঠোরভাবে বাস্তবায়নে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।