ডেস্ক নিউজঃ
যশোরের অভয়নগরে সাংবাদিক মো. আবুল বাশারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনার ২২ দিন পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় অভয়নগর থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিকরা। তাদের অভিযোগ, তদন্তের নামে দীর্ঘসূত্রিতা করা হচ্ছে, অথচ হামলার পরপরই সন্দেহভাজনদের পরিচয় ও ঘটনার সম্ভাব্য কারণ পুলিশকে জানানো হয়েছিল।
সাংবাদিকদের দাবি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় ও অভয়নগর ইউনিট এবং নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে বারবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এমনকি একাধিকবার একই তথ্য চাইলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুরাদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সন্দেহভাজনদের তথ্য ওসির কাছে দেওয়া হয়েছে এবং নির্দেশ পেলেই অভিযান পরিচালনা করা হবে। তবে সাংবাদিকদের অভিযোগ, তদন্তে অগ্রগতি না থাকায় বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থা কমে যাচ্ছে।
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের প্রধান হারুন অর রশীদ বলেন, চলতি সপ্তাহের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামী শনিবার থেকে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
একই দাবি জানিয়েছেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন জেলাব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি যশোরের পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।