প্রতিবেদক-নয়ন রায়।
খুলনার কয়রায় এসআরবি-৬-এর বিশেষ অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেপ্তার দুজন জলদস্যুদের সহযোগী হিসেবে কাজ করতেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা এলাকার হাফিজুর রহমান (৩৭), পিতা কেরামত গাজী এবং আব্দুর রহিম (২৬), পিতা জামাল ফারুক।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বাড়িতে তল্লাশি করে দস্যুতার কাজে ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কথিত জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়কে পাওয়া যায়নি।
অভিযান সংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেপ্তার হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ দিয়ে জলদস্যুদের সহযোগিতা করতেন।
অপরদিকে আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রসদ সরবরাহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্ট সূত্র।