শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

মহম্মদপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ, মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে

মোঃইকরামুল হাসান মাগুরা |

মাগুরার মহম্মদপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর আট মাস বয়সী শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির মায়ের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী কুটে জানান, গত ১৬ নভেম্বর দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে তিনি স্ত্রী ও আট মাস বয়সী মেয়ে রাশমিতাকে নিয়ে বাড়ি থেকে বের হন। মহম্মদপুর বাজারে কাপড় কেনার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে ওই দিন সন্ধ্যায় মুঠোফোনে জানতে পারেন, তার স্ত্রীকে একটি স্থানে একা পাওয়া গেছে। তবে তার কোলে শিশুটি ছিল না।

খবর পেয়ে ভাই কৃষ্ণকে সঙ্গে নিয়ে মাগুরা সদর উপজেলার শিয়ালদ এলাকায় শ্বশুরবাড়িতে যান সমীর। সেখানে গিয়ে স্ত্রীকে একা অবস্থায় দেখতে পান। এরপর পরিবারের সদস্যরা শিশুটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং পুলিশের সহযোগিতা চান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার রাস্তার পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক বালক। প্রথমে সেটিকে বড় পুতুল মনে করে লাঠি দিয়ে পুকুরের পাড়ে টেনে আনে সে। পরে শিশুর মরদেহ বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শিশুটির বাবা ও স্বজনেরা থানায় গিয়ে মরদেহটি রাশমিতা চক্রবর্তীর বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সমীর-নন্দীতা দম্পতির প্রথম সন্তান ১৩ বছর বয়সী ছেলে সৌমিক চক্রবর্তী। তাদের দ্বিতীয় সন্তান জন্মের চার মাস পর রহস্যজনকভাবে মারা যায়। এবার তৃতীয় সন্তান আট মাস বয়সী রাশমিতারও মৃত্যু হলো। পরপর দুই সন্তানের এমন মৃত্যুতে পরিবারে শোকের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, ১৬ নভেম্বর সন্ধ্যার আগে মরদেহ উদ্ধারের স্থান থেকে কয়েকশ গজ দূরে শিশুটির মাকে একা ঘোরাফেরা করতে দেখা যায়। সে সময় তার কোলে কোনো শিশু ছিল না। এ ছাড়া মায়ের বক্তব্যের অসংগতি ও বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় সামনে আসায় ঘটনাটি নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। তবে শিশুটির মৃত্যুর সঙ্গে মায়ের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

মাগুরার পুলিশ সুপার জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহম্মদপুর থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধারের খবর পায়। পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করা হয়। শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। পরিবারের অভিযোগ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা সমীর কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘আমার সন্তানের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হোক। দ্রুত তদন্ত শেষ করে সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

মহম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page