হৃদয় হাসান,বাঘারপাড়া যশোর
যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামে মা ও তার সাত বছর বয়সী ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ব্যবসায়ী জাকির হোসেনের স্ত্রী জুবাইদা (৩০) ও তার ছেলে জিসান (৭)।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যার পর বাড়ির ভেতর থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা জড়ানো অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ধারণা, ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে। তবে কীভাবে বা কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মা ও ছেলের এমন রহস্যজনক মৃত্যুতে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছে।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মা ও শিশুর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।