মোঃ ইকরামুল হাসান, বিশেষ প্রতিনিধি মাগুরাঃ
মাগুরার মহম্মদপুরে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার একটি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। একসঙ্গে দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহতরা হলো রাইসা (২), সেলুন ব্যবসায়ী আলিনুর ও রত্না দম্পতির মেয়ে এবং রাফিয়া (৩ বছর ৬ মাস), মাছ চাষী ও কৃষক আমিনুর ও মনজিরা দম্পতির মেয়ে। পারিবারিকভাবে তারা একই পরিবারের দুই বোন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু দুটি বাড়ির পাশেই খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর রাইসার মা রত্না পুকুরে একটি শিশুকে ভেসে থাকতে দেখে চিৎকার দিলে স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এমন ঘোষণার পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
অপমৃত্যুর সংবাদ পেয়ে দ্রুত হসপিটাল চত্বরে পৌঁছান মহম্মদপুর থানা পুলিশ নিহতদের সুরতল প্রতিবেদন তৈরি করেন কিছুক্ষণ পর মহম্মদপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ শামীম আহমেদ পৌঁছান এবং ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে তাদের বাড়িতে নেমে আসে শোকের মাতম। শিশু দুটির স্বজনদের আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রতিবেশীরাও জানান, কিছুক্ষণ আগেও দুই শিশুর হাসি-খেলায় মুখর ছিল বাড়ির আঙিনা। মুহূর্তের ব্যবধানে সেই আনন্দ পরিণত হয় গভীর শোকে।
স্থানীয়রা বলেন, বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ে শিশুদের প্রতি সর্বক্ষণ নজরদারি রাখা জরুরি। অসাবধানতার কারণে প্রায়ই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যা কোনো পরিবারের জন্যই অপূরণীয় ক্ষতি।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।