মোঃইকরামুল হাসান হৃদয়
বিশেষ প্রতিনিধি মাগুরাঃ
মাগুরার আলোচিত ডোম মানিক লাল হত্যা মামলার দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক থাকা আসামি লিটন (৪৮)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, বুধবার (১৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটনের শাহ আলী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, নিহত মানিক লাল ডোম মাগুরা সদর উপজেলার হাসপাতালপাড়া (ডোমপাড়া) এলাকার বাসিন্দা ছিলেন। ২০২১ সালের ২৯ জুন রাতে তিনি তার ৯ বছর বয়সী ছেলে সান বাবুকে নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। পরদিন ৩০ জুন ভোরে ছেলে ঘুম থেকে উঠে ঘরের মেঝেতে বাবাকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে মামলার অন্যতম আসামি মেহেদী হাসান আকাশ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, গাঁজা বিক্রির অর্থের ভাগাভাগি নিয়ে মানিক লালের সঙ্গে ঝন্টু, লিটনসহ কয়েকজনের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে ২০২১ সালের ৩০ জুন গভীর রাতে তারা ঘুমন্ত মানিক লালের ঘরে প্রবেশ করে ধারালো দা দিয়ে তার গলা কেটে হত্যা করে।
র্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই লিটন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দেশের বিভিন্ন মাজারকেন্দ্রিক এলাকায় ‘শিকল সাইজি’ ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি, তথ্য-প্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।