জেলা প্রতিনিধিঃ মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি টাকার বিল দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকা বিল দেওয়ার অভিযোগ উঠেছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী গ্রামে। ওই গ্রামের বাসিন্দা বাবু মোল্যা (৫৫) নামে এক গ্রাহকের নামে চলতি মাসের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার ১৩৮ টাকা। বিলের কাগজে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দেখানো হয়েছে মাত্র ২০ ইউনিট।
ভুক্তভোগী বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ির বিদ্যুৎ বিল সাধারণত ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে আসে। কিন্তু এবার মাত্র ২০ ইউনিট ব্যবহারের বিপরীতে প্রায় ৩০ হাজার টাকা বিল দেখে তিনি হতবাক ও চিন্তিত।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমি আমার বাড়ির বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকা করে দিয়ে আসছি। এবার যে বিদ্যুৎ বিল দিয়ে গেছে, তাতে ২০ ইউনিট ব্যবহারের বিপরীতে প্রায় ৩০ হাজার টাকা বিল দেখানো হয়েছে। এতে আমি চিন্তিত ও অবাক। এটা এক ধরনের ভোগান্তি।”
এদিকে, একই জেলায় এর আগে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। সেই ঘটনার পর এবার মাত্র ২০ ইউনিট ব্যবহারে ২৯ হাজার টাকার বেশি বিল আসায় বিদ্যুৎ বিল প্রস্তুত ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বলেন, “এ বিষয়ে দেখা হচ্ছে।”
তবে মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে কীভাবে ২৯ হাজার ১৩৮ টাকা বিল নির্ধারণ করা হলো, সেটি যাচাই করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে কি না—এখন সেটিই দেখার বিষয়।